মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
বিজিবি সদরদপ্তর, পিলখানা, ঢাকা।
বাংলা প্রথমপত্র:সৃজনশীল
আম-আঁটির ভেঁপু
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
কানাই ও ছোকানু দুই ভাই-বোন। কানাই তার ছোট বোন ছোকানুকে অনেক ভালোবাসে এবং তার প্রতি অনেক দায়িত্বশীল। তারা নৌকাভ্রমণে গেলে ছোকানুকে কানাই চোখে চোখে রাখে। ছোকানু ক্লান্ত হয়ে নৌকায় ঘুমিয়ে পড়লে কানাই মাঝিকে অনুরোধ করে তার প্রতি খেয়াল রাখার জন্য।
ক. ‘দাওয়া’ শব্দের অর্থ কী? ১
খ. ‘তুই অতগুলো খাবি দিদি?’ অপুর এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকটি গল্পের কোন দিকটিকে তুলে ধরে? ব্যাখ্যা কর। ৩
ঘ. ‘উদ্দীপকের কানাই-ই যেন দুর্গার প্রতিনিধিত্ব করছে’- উক্তিটির যথার্থতা যাচাই কর। ৪
ক. ‘দাওয়া’ শব্দের অর্থ বারান্দা।
খ. আমের কুসি জারানোর পর অপুর ভাগে দুর্গার চেয়ে কম পড়ায় অপু অবাক হয়ে প্রশ্নোক্ত কথাটি বলে। দুর্গা পটলিদের বাগান থেকে কিছু আমের কুসি কুড়িয়ে নিয়ে আসে। সেগুলো কুচি কুচি করে নুন ও তেল দিয়ে মাখানোর পর দুর্গা অপুকে কিছু পরিমাণ দেয়। অপু দেখতে পায় তার পরিমাণটা দুর্গার চেয়ে কম। দুর্গা সারাদিন ঘুরে বেড়িয়ে যা কিছু সংগ্রহ করত তার কিছু ভাগ সে তার ভাই অপুকে দিত। আর ভাইকে ভাগ কম দেয়া ভাই-বোনের মিষ্টি খুনসুটিরই বহি:প্রকাশ। অপু দুর্গার চেয়ে আমের কুসি ভাগে কম পাওয়ার কারণেই প্রশ্নোক্ত কথাটি বলে।
গ. উদ্দীপকটি ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের ভাই-বোনের দায়িত্বশীলতার সম্পর্কের দিকটিকে তুলে ধরে।
‘আম-আঁটির ভেঁপু’ গল্পে দুর্গা তার ছোট ভাই অপুকে অত্যন্ত ভালোবাসে। তাকে সব কাজের সঙ্গী মনে করে। কোথাও থেকে কিছু এনে অপুকে ছাড়া দুর্গা সেগুলো খায় না। এর মধ্য দিয়ে ছোট ভাইয়ের প্রতি দুর্গার যে দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায় তা উদ্দীপকের কানাইয়ের ক্ষেত্রেও লক্ষণীয়। উদ্দীপকে কানাই নামক বালকটি তার ছোট বোন ছোকানুকে অত্যধিক ভালোবাসে এবং বোনের প্রতি সে অনেক দায়িত্বশীল। নৌকাভ্রমণে গেলে সে ছোকানুকে চোখে চোখে রাখে। ছোকানু একসময় ক্লান্ত হয়ে নৌকায় ঘুমিয়ে পড়লে কানাই মাঝিকে অনুরোধ জানায় তার প্রতি খেয়াল রাখার জন্য। কানাইয়ের দায়িত্বশীল ও স্নেহশীল আচরণের প্রতিফলন ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার ক্ষেত্রেও লক্ষণীয়। দুর্গাও তার ছোট ভাই অপুকে খুব স্নেহ করে। সারাদিন ঘুরে বেড়িয়ে যা কিছু ফলমূল দুর্গা সংগ্রহ করে তা সে ছোট ভাই অপুকে না দিয়ে খায় না। ভাইয়ের প্রতি দুর্গার এ ভালোবাসা তার দায়িত্ববোধের পরিচয় বহন করে। দুর্গার এ দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যায় উদ্দীপকের কানাইয়ের মাঝেও। সুতরাং বলা যায়, উদ্দীপকটি ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের দুর্গার ছোট ভাইয়ের প্রতি স্নেহ-মমতাশীল আচরণের দিকটিকেই তুলে ধরে।