সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়
মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ উপজেলার জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ভৌত অবকাঠামোসহ বিভিন্ন সম্যস্যায় জর্জরিত হয়ে পড়েছে। অনেক আসবাবপত্র ভেঙে গেছে। বিজ্ঞানাগারটিও সংস্কার করা হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাতাব হোসেন মিনা বলেন, উপজেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হলেও এ বিদ্যালয়টির কোনো উন্নয়ন হয়নি। জানা গেছে, এ প্রতিষ্ঠানটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে ৫ শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে অধ্যয়ন করছে। নিশানবাড়িয়া ও জিউধরা ইউনিয়নসহ মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানে। উপজেলার আন্তঃবিদ্যালয় শীত ও গ্রীষ্মকালীন ক্রীড়ার ২২টি জোনের একটি জোন হিসেবে এ বিদ্যালয়ের মাঠটি ব্যবহূত হচ্ছে। ২০১৯ সালে ১০৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৪ জন। ছাত্রছাত্রীদের টিনের ছাপড়া দেওয়া ক্লাসরুমে ঠাসাঠাসি করে ক্লাস করতে হয়। বাউন্ডারি ওয়াল নেই। নামমাত্র শৌচাগার আছে। নেই আইসিটি রুম। বিজ্ঞানাগারটি সংস্কারের প্রয়োজন। সিডর, আইলা, আম্ফান ও বুলবুলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইয়াকুব মৃধা ও ইউপি সদস্য হাকিম মৃধা জানান, বহু আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন। এই বিদ্যালয়ের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হান্নান জানান, চলতি মাসে এই স্কুলের উন্নয়নের জন্য নতুন করে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।