জমি খুঁড়তে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জঙ্গি বিমানের ধ্বংসাবশেষ

লালমনিরহাট প্রতিনিধি ও আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশেরতল এলাকায় জমি খুঁড়তে পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহূত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বাহিনীর সদস্যরা মাটির নিচ থেকে একটি ফুয়েল বার্নিং এডজাস্ট, দুটি লেন্ডিং এয়ার, একটি ট্রোপেলার ইঞ্জিনসহ কিছু সংখ্যক এয়ারক্রাফট ও এ্যামুনেশন উত্তোলন করেছেন। শুক্রবার সকাল থেকে ঐ এলাকার মৃত আব্দুস সোবাহান বাবুর ছেলে রেজাউল করিমের ৭০ শতাংশ একটি উঁচু জমি চাষাবাদের উপযোগী করার জন্য শ্রমিক দিয়ে খনন শুরু করেন। দুপুরে মাটি খননের সময় শ্রমিকরা একটি লোহার অংশ দেখেন। লোহার অংশটি উত্তোলনের পর বিমানের অংশবিশেষ সন্দেহ হলে তারা বিমান বাহিনীর লালমনিরহাট জেলা ইউনিটকে জানান। সন্ধ্যায় বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা করে জানাতে পারে এটি বিমানের ধ্বংসাবশেষ। জমির মালিক রেজাউল করিম জানান, বাবা-দাদার মুখে গল্প শুনেছিলাম এক সময় এখানে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল। জানতাম না যে, আমার জমিতে এই বিমানটি পাওয়া যাবে। খননের সময় শ্রমিকরা দেখে আমাকে জানালে বিষয়টি বিমান বাহিনীর সদস্যদের অবহিত করি। বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। কাজ শেষ হলে আইএসপিআরের মাধ্যমে সব তথ্য প্রকাশ করা হবে। লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, পুলিশ ও বিমানবাহিনীর মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। উদ্ধার কার্যক্রমে যাতে কোনা প্রকার বাধা বিপত্তির সৃষ্টি না হয় সে জন্য এডিসি পিএম রাহসান কবিরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন।