বদলগাছীতে মাদক ব্যবসায়ীর হামলায় র্যাবের দুই সদস্য আহত

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ধাওয়া দিয়ে আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীর হামলায় র্যাব-৫ এর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনায় শাহীন আলম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক শাহীন আলম জেলার ধামইরহাট উপজেলার মহিষগাড়ী গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে। শুক্রবার রাত ৮টায় উপজেলার চকজালাল এলাকায় এ ঘটনা ঘটে।

র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, বদলগাছী উপজেলার চকজালাল এলাকায় মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে র্যাব সদস্যরা। এ সময় তারা দেশীয় অস্ত্র কুড়াল, কাস্তে ও বাঁশের লাঠি দিয়ে র্যাব সদস্যের ওপর হামলা চালায়। এতে র্যাব সদস্যদের দুই জন জখম হয়। ১৮৪ বোতল ফেনসিডিল, একটি কুড়াল ও কাস্তে উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শাহীন আলমকে আটক করা হয়। আহত র্যাব সদস্যদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। আটক ব্যক্তিসহ পলাতকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।