ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি পেসার উমর গুল। পাকিস্তানের চলমান ন্যাশনাল কাপ টি-টোয়েন্টি থেকে বেলুচিস্তান বিদায় নেওয়া মাত্রই শেষ হয়ে গেল গুলের ক্যারিয়ার। বিদায়ি ম্যাচে মাইক্রোফোনের সামনে বারবার ধরে এলো গুলের কণ্ঠ, চোখের জল মুছলেন অনেকবার। বললেন, ‘দুই দশক ধরে আমার ক্লাব, শহর, প্রদেশ ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল অনেক বড় সম্মান। ক্রিকেট পুরোপুরি উপভোগ করেছি আমি। এই খেলা আমাকে শিখিয়েছে কঠোর পরিশ্রম, নিবেদন ও প্রতিজ্ঞার মূল্য। এই ভ্রমণে অসংখ্য মানুষকে পাশে পেয়েছি, যারা সহায়তা ও সমর্থন করেছেন। তাদের সবাইকে, আমার সব সতীর্থের প্রতি কৃতজ্ঞতা জানাই।’