শীতকালীন মশক নিয়ন্ত্রণে উত্তর সিটির চতুর্থ প্রজন্মের লার্ভিসাইডিং শুরু

ইত্তেফাক রিপোর্ট

আসন্ন শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন চতুর্থ প্রজন্মের লার্ভিসাইডিং শুরু করেছে। গতকাল শনিবার থেকে ৬২৯ স্পটে এ অভিযান শুরু করেছে তারা। এই দানাদার কীটনাশকটি একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে। নোভালুরন নামের লার্ভিসাইড ইংল্যান্ড থেকে আনা হয়েছে। এ অভিযান সাত থেকে ৯ দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডিএনসিসির উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল গোলাম মোস্তফা সারোয়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এই কীটনাশকটি ব্যবহার শুরু করেছে উত্তর সিটি।

লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ব্যতীত মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। উত্তর সিটি করপোরেশন জানায়, মশক নিধনে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন ওষুধ প্রয়োগ করার কারণে প্রাথমিকভাবে পূর্বের চিহ্নিত হটস্পটে অভিযান পরিচালনা করা হবে। এতে সফলতা পেলে ডিএনসিসির সব এলাকায় এ ওষুধ ছিটানো হবে। এছাড়া নতুন ওষুধ ব্যবহারের জন্য ডিএনসিসির মোট ৯ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সরাসরি এই টিমের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হবে।