কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে তিন রিকশাশ্রমিককে মারধরের অভিযোগে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক মো. রয়েল ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর উপজেলা রিকশা ও ভ্যান মালিক সমবায় সমিতির সভাপতি আব্দুস সামাদ জানান, ‘বেশ কিছুদিন ধরে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা আমাদের সমিতির নিয়ন্ত্রিত (মোটর চাকাচালিত) রিকশাশ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। আমরা রাজি না হওয়ায় শ্রমিক ইউনিয়নের লোকজন বিভিন্ন সময়ে রাস্তায় রিকশার চলাচল বন্ধ করাসহ আমাদের নানা রকম হয়রানি করে আসছে। এ ঘটনার জেরে গতকাল দুপুরে কালিয়াকৈর বাস স্টেশন এলাকায় গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক রয়েল ব্যাপারী বিদ্যুতের তার দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তিন রিকশাচালককে মারাত্মক আহত করেন।’ অভিযোগ পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকনেতা রয়েল ব্যাপারীকে গ্রেফতার করে। আহত রিকশাচালকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন রয়েল ব্যাপারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।