বাউফলে চাকরি দেওয়ার নামে ৫ লাখ টাকা প্রতারণার অভিযোগ

বাউফল সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা (তহশিলদার) মো. আবদুল জব্বার আকনের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ করেছেন উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল খালেক হাওলাদারের মেয়ে মোসাম্মত রুমানা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, জব্বার আকন ভূমি অফিসে পিয়ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রুমানার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। পূর্ব পরিচিত হওয়ায় রুমানা চাকরির আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজসহ জব্বারকে নগদ ৫ লাখ টাকা দেন। জব্বার ৫ লাখ টাকা অগ্রিম গ্রহণ করে অফিশিয়াল সিলসহ স্বাক্ষর করেন। কিন্তু টাকা নেওয়ার দুই বছর পার হয়ে গেলেও চাকরি বা টাকা কোনোটাই দেননি জব্বার। জব্বারকে টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের নাজির মো. রফিকুল ইসলাম। মো. রফিকুল ইসলাম জানান, রুমানাকে চাকরি দেবে এই শর্তে রুমানা আমার উপস্থিতিতে তহশিলদার জব্বারকে ৫ লাখ টাকা দেন। রুমনা বেগম বলেন, ধার-দেনা করে জব্বারকে পিয়ন পদে চাকরির জন্য ৫ লাখ দিয়েছেন। দুই বছর পার হলেও তিনি আমাকে চাকরি বা টাকা কোনোটাই দেননি। টাকা চাইলে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল ও জীবননাশের হুমকি দেন।

অভিযোগ অস্বীকার করে  জব্বার আকন বলেন, আমি তাকে চিনি না। তার কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোনো টাকা নেয়নি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।