দেশে ধর্ষণ মহামারি রূপ নিয়েছে ------- রাশেদ খান মেনন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, আজকে ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে, ভোগবাদিতা ঢুকেছে। এটা তাদের দোষ নয়, এটা রাজনীতির দোষ। দেশে দুর্বৃত্তায়ন ঘটে চলেছে। বিচারহীনতার সংস্কৃতি প্রবলভাবে উসকে ধরেছে। ধর্ষণ মহামারি আকার লাভ করেছে। গতকাল শনিবার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা শাখার ১৫তম জেলা কাউন্সিলে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মুহয়ী শারদের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাছিরের সঞ্চালনায় কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহামেদ, সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াতুননেছা রুমা, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাবেক সহসভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানিউর রহমান। উদ্বোধনী সমাবেশ শেষে ফাহিম মুনতাসিরকে সভাপতি, সানিউর রহমানকে সাধারণ সম্পাদক ও জুবায়েদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।