শেখ মুজিব নন, নিয়াজিই ছিলেন সবচেয়ে বড় রাষ্ট্রদ্রোহী

ইত্তেফাক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। আর সেই কারণেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছিল। কিন্তু আসল বিশ্বাসঘাতক ছিলেন জেনারেল এ এ কে নিয়াজি, যিনি নির্লজ্জের মতো ঢাকায় আত্মসমর্পণ করেছিলেন। অথচ তাকে কেউ রাষ্ট্রদ্রোহী আখ্যা দেয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে গতকাল শনিবার পাকিস্তানের সম্মিলিত বিরোধী দলগুলোর জোটের যে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে, তার উদ্বোধনী উপলক্ষ্যে শুক্রবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে নওয়াজ শরিফ এ কথা বলেন। লন্ডন থেকে ভিডিওবার্তায় যুক্ত হয়ে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কঠোর সমালোচনা করে তার (নওয়াজের) সরকারকে সরিয়ে ইমরানকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার অভিযোগ করেন। তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগসহ ২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে ইমরান খানকে সহযোগিতার অভিযোগ তোলেন। সেনাপ্রধানের উদ্দেশে তিনি বলেন, ‘জেনারেল কামার জাভেদ বাজওয়া, আপনি আমাদের সরকারকে হটিয়েছেন এবং সেই পরিকল্পনা ভালোভাবে কাজ করেছে। দেশকে আপনার ইচ্ছার ওপর নির্ভরশীল করেছেন। আপনারা (সেনাবাহিনী) ভালো কাজের চেয়ে খারাপ কাজই বেশি করেছেন।’

জানা গেছে, ইমরান খানের বর্তমান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করতে ৯টি প্রধান বিরোধী দল মিলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টোও এ সমাবেশে বক্তব্য দেন। তারা বর্তমান সরকারের বিভিন্ন অব্যবস্থাপনা ও অর্থনৈতিক দুরবস্থার সমালোচনা করেন। এ সময় গুজরানওয়ালা স্টেডিয়ামে ১০ হাজারের বেশি বিরোধী সমর্থক ইমরান খানের উদ্দেশে স্লোগান দেন, ‘যাও ইমরান যাও, তোমার সময় শেষ।’

এদিকে ইমরান খান তার বিরুদ্ধে করা নির্বাচনে সামরিক সহযোগিতার কথা অস্বীকার করেছেন। শুক্রবার  বিরোধী দলের ঐ অনুষ্ঠানের পর এবং নওয়াজ শরিফের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের এই কর্মসূচিতে তিনি ভীত নন। তাদের নেতাদের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ উঠিয়ে নিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, দেশটির প্রধান বিরোধী দল নওয়াজের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। গত নভেম্বরে তিনি চিকিত্সার জন্য লন্ডন যান। তারপর থেকে পাকিস্তানের আদালতের একের পর এক সমন উপেক্ষা করেও তিনি লন্ডনে থাকছেন। এক পর্যায়ে পাকিস্তানের আদালত তাকে ফেরারি ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি করে। —এনডিটিভি, হিন্দুস্তান টাইমস