ইত্তেফাক রিপোর্ট
ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচনে কোথাও কোনো অসুবিধার সৃষ্টি হয়নি। আমাদের কাছে কোনো অভিযোগ নেই। শনিবার এ দুটি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনে ভোটাদের আগ্রহ কম বিষয়ে এক প্রশ্নের জবাব কে এম হুদা বলেন, জাতীয় নির্বাচনে সারা দেশে ভোট হয়। এই খণ্ড নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। দুই বছর-আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন সেই জন্য হয়তো প্রার্থী বা ভোটারদের মধ্য তেমন আগ্রহ নেই। পাশাপাশি করোনার একটি বিষয় তো রয়েছে।
হাতের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি তার পরও ব্যালটের পরিবর্তে কেন ইভিএম জানতে চাইলে তিনি বলেন, ব্যালটের পরিবর্তে ইভিএমে ভোট গ্রহণে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া ভোটারদের মধ্যেও ইভিএম নিয়ে অনাগ্রহ এখন আর নেই।
ঢাকা-৫ আসনে ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে, আইডি কার্ড কেড়ে নেওয়া হয়েছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আইডি কার্ড নেওয়ার কোনো রিপোর্ট আমাদের কাছে নেই।