গাজীপুরে চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কলেজ বেসরকারি ঐক্য পরিষদ। শনিবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মচারী ঐক্য পরিষদের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার সভাপতি মো. রাসেদুল করিম, ঐক্য পরিষদের নেতা রফিকুল ইসলাম, মো. ওয়াদুদ মিয়া, শহিদুল ইসলাম, মতিউর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা কর্মচারী ঐক্য পরিষদের পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো যোগদানের তারিখ হতে চাকরি সরকারিকরণ, চাকরি সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত স্ব-পদে বেতন ভাতাদি সরকারি স্কেল অনুযায়ী দেওয়ার ব্যবস্থা, কর্মচারীদের চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখা, নতুন পদ সৃষ্টি করে কর্মরতদের স্বপদে নিয়োগ দেওয়া ও কর্মরতদের নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা না রাখা।