টঙ্গীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

 

টঙ্গীতে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকার মিল গেইটে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিল গেইট এলাকায় মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক হাসান তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আলোচনা করছিলেন। এ সময় এক দল অস্ত্রধারী যুবক সেখানে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া দুইটি গুলি হাসানের বুকে ও পেটে বিদ্ধ হয়। পরে তারা ফিল্মি স্টাইলে এলাকা ত্যাগ করে।  স্থানীয়রা হাসানকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল নিলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানা ওসি এমদাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।