আন্তর্জাতিক থিম সং রাইটিং প্রতিযোগিতায় জয়ী দেশের দুই শিল্পী

১০০ দেশের শিল্পীদের অংশগ্রহণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশের দুই শিল্পী। তারা হলেন, জাহিদ বাশার পংকজ ও পল্লবী মজুমদার। কানাডাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটি আয়োজিত থিম সং রাইটিং প্রতিযোগিতায় এ পুরস্কার লাভ করেছেন তারা। গান গাওয়ার পাশাপাশি সুর দেওয়া ও সঙ্গীত পরিচালনার দক্ষতায় প্রতিযোগিতায় ১০ম হয়েছেন জাহিদ বাশার পংকজ। অন্যদিকে একই ধরনের কৃতিত্ব দেখিয়ে তৃতীয় ও অষ্টম স্থান অর্জন করেন পল্লবী মজুমদার। কানাডা প্রবাসী বাংলাদেশি ও কানাডার প্রতিনিধিদের ভোটের মাধ্যমে তারা অর্জন করেছেন দুটি পুরস্কার। এ উপলক্ষ্যে গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটি বাংলাদেশ (আইডব্লিউএসবি)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থিম সং রাইটিং প্রতিযোগিতার বিজয়ী জাহিদ বাশার পংকজ এবং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দুই বিচারকের একজন কণ্ঠ শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক সানী জুবায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ওয়াটারকালার সোসাইটি বাংলাদেশের কান্ট্রি হেড কাওসার রহমান এবং ইভেন্টস কোঅর্ডিনেটর ঝুমি রহমান।