বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ১১ ভাই বোনসহ অসংখ্য কর্মী-সমর্থক, গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায় নেওয়া হয়। মরহুমের নামাজে জানাজা আজ রবিবার বাদজোহর ময়মনসিংহ ঈদগাহ মাঠে এবং বাদ-আসর মুক্তাগাছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এরপর মুক্তাগাছায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তিনি করোনা পজিটিভ ছিলেন। মোশাররফ হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।