স্পোর্টস রিপোর্টার
ক্রিকেটারদের পারফরম্যান্স, ব্যাট-বলের জমাট লড়াই এখনো মঞ্চস্থ হয়নি। বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রতিদ্বন্দ্বিতার আবহ ঠিকই বহাল আছে। চার ম্যাচ শেষে ফাইনাল নিশ্চিত হয়নি কোনো দলেরই। দুটি ম্যাচ জিতে কিছুটা এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর একাদশ। তবে মাহমুদউল্লাহ রিয়াদের দলটার সামনে আজ কঠিন পরীক্ষা।
বাঁচা-মরার লড়াইয়ে শামিল হবে দলটি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ একাদশের সামনে। তিন ম্যাচ খেলে তাদের জয় একটি। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ তামিম ইকবাল একাদশের বিরুদ্ধে মাঠে নামবে মাহমুদউল্লাহ বাহিনী। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।
নাজমুল একাদশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল মাহমুদউল্লাহর দল। পরের ম্যাচে তামিম একাদশকে হারিয়েছিল তারা। ফিরতি ম্যাচে আবার নাজমুল বাহিনীর কাছে হেরে যায় দলটি। আজ তামিমদের বিপক্ষে হেরে গেলে বাদ পড়বে মাহমুদউল্লাহরা। তাই জয়ের জন্য মুখিয়ে থাকবে দলটি। একইভাবে তামিমের দলও চাইবে প্রথম ম্যাচে হারের তিক্ততা মাহমুদউল্লাহদের ফিরিয়ে দিতে।
আজকের ম্যাচটির গুরুত্ব তাই ওটিস গিবসনের শীষ্যরা ভালোই অনুধাবন করতে পারছে। গত শনিবার রাতে ম্যাচ হারের পর পুরস্কার বিতরণীতে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘পরবর্তীকালে ম্যাচে যেন আমরা ভালো করতে পারি সেটাই লক্ষ্য। এখনো আমাদের চান্স আছে। আমার মনে হয় ফাইনালের কথা চিন্তা না করে আমাদের ভালো খেলাটা খেলা উচিত। ফাইনালের জন্য পরের ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।’ আগের রাতে ম্যাচ খেলায় গতকাল বিশ্রামে ছিল মাহমুদউল্লাহর দল। ব্যাটিং, বোলিংয়ে আরো সুশৃঙ্খল হতে হবে তাদের। বিশেষ করে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে। লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে লড়াই জমিয়ে দিতে পারবে দলটি।
এদিকে গতকাল বিকালে অনুশীলন করেছে তামিম বাহিনী। ফাইনালে যাওয়ার মঞ্চ হিসেবেই ম্যাচটিকে দেখছে দলটি। গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা খেলতে মুখিয়ে তামিমরা এবং আজ জিতে ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে চায় তারা।
গতকাল অনুশীলন শেষে দলের তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেছেন, ‘আগামীকালের (আজ) ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, ফাইনালের থেকেও। যদি জিতি, তাহলে ফাইনালে যেতে পারব ইনশাআল্লাহ। না গেলে পরেরটা কী হবে বলা যায় না। কালকেরটা (আজ) মেইন গেম। তাই কালকে ইনশাআল্লাহ আমরা ফাইনাল মনে করেই খেলব।’