ক্লাসিকোর আগে বিবর্ণ রিয়াল-বার্সা

n রিয়াল মাদ্রিদ ০-১ কাদিজ n গেতাফে ১-০ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

দুয়ারে কড়া নাড়ছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ধ্রুপদী দ্বৈরথ এল ক্লাসিকো। অথচ স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যবাহী এ লড়াইয়ের আগেই কিনা মৌসুমে প্রথম হারের কবলে পড়েছে দুই দল। নিজেদের মাঠে কাদিজের কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। গেটাফের বিপক্ষে বার্সেলোনাও হেরেছে একই ব্যবধানে।

রিয়ালের মাঠে সফরকারী কাদিজ অ্যান্থনি লোজানোর কল্যাণে ১৬ মিনিটেই এগিয়ে যায়। এরপর রিয়াল অবশ্য ম্যাচে ফেরার জোর চেষ্টাই চালিয়েছে, তবে সাফল্যের মুখ দেখেনি তার একটা চেষ্টাও। ফলে মৌসুমে প্রথম হারের বিস্বাদ নেয় জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের পর দলটির মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মসমালোচনা, ‘প্রথমার্ধটা তাদের স্রেফ উপহার দিয়ে এসেছি আমরা। আমার জন্য এটা বলা আরো কঠিন, কারণ প্রথমার্ধে আমি বেঞ্চে ছিলাম। মুহূর্তটা কঠিন।’ লিগ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় আগামী সপ্তাহে বার্সেলোনার আতিথ্য নেবেন ক্যাসেমিরোরা। তার আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হুঁশিয়ারি, কাদিজ ম্যাচের ভুল করা চলবে না মোটেও। বললেন, ‘নিজেদের ভুলগুলোয় চোখ দিতে হবে আমাদের। আর দেখতে হবে কোন কাজটা ঠিকঠাক করেছি আমরা। তবে প্রথমার্ধে যা করেছি, তেমনটা করা চলবে না মোটেও।’

রিয়ালের মতো বার্সেলোনা অবশ্য শুরুতেই ম্যাচের লাগাম হাতছাড়া করেনি। বরং উলটোটাই হয়েছে এ ম্যাচে। শুরুর অর্ধে দুটো বড় সুযোগ হারায় দলটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টি থেকে গেতাফে ফরোয়ার্ড হাইমে মাতার গোল ম্যাচের চিত্রটাই বদলে দেয়। এরপর সমতা ফেরাবে কোথায়, গেতাফের আক্রমণ সামলাতেই ব্যতিব্যস্ত ছিল বার্সা রক্ষণ। ফলে কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম হারের কবলে পড়ে দলটি।

ক্লাসিকোর আগে দুই দলেরই হার। এমন দৃশ্যের দেখা সচরাচরই মেলে না। শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০০২-০৩ মৌসুমে এল ক্লাসিকোর আগের ম্যাচে রিয়াল হেরেছিল সোসিয়েদাদের কাছে, ৪-২ ব্যবধানে। একই ব্যবধানে বার্সাও হেরেছিল দেপোর্তিভো লা করুনিয়ার কাছে। রেফারিং নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও বার্সা কোচ কোম্যান নিজেদের ভুলকেই দেখছেন বড় করে। টানা দুই ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর ডাচ কোচের প্রতিক্রিয়া, ‘এ ম্যাচে রেফারি, ভিএআর দল ছিল কিনা তা জানি না। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে নিজেদের দিকে তাকানো।’ রিয়াল বার্সার হারের দিনে হেরেছে সেভিয়াও। গ্রানাডার বিপক্ষে তাদের হারের ব্যবধানটাও একই, ১-০! তবে লুই সুয়ারেজের  লক্ষ্যভেদে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে তারা।