মহাসড়কটি পণ্যবাহী ট্রাকের দখলে

বন্দরনগরী চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ মহাসড়ক। কারণ এটা রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি—দুই পার্বত্য জেলার যোগাযোগের মাধ্যম। সড়কটি চার লেনে উন্নীত করার সুবিধা নিচ্ছে পণ্যভর্তি ট্রাকগুলো। অক্সিজেন থেকে হাটহাজারি পর্যন্ত অর্ধেকটাই ট্রাক পার্কিংয়ে বেদখল! এক লাইনে রড, সিমেন্ট, ইট, বালি ও অন্যান্য পণ্য ভর্তি ট্রাক ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, যেন এদের নিজস্ব জায়গা! এ কারণে চৌধুরীহাট, বড়দিঘিরপাড়, ফতেয়াবাদ এলাকায় লেগে থাকা যানজটে মানুষের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রতিদিন। একই অবস্থা হাটহাজারী শেরে বাংলা (রহ) মাজার গেট, আধুনিক হাসপাতালের সামনের রাস্তায়ও। চার লেনের মহাসড়ক করে লাভ কী হলো? উন্নয়নের সংরক্ষণ খুবই জরুরি, তা না হলে সে উন্নয়নের সুফল পাওয়া যায় না। জনগণের দুর্ভোগ আরো বাড়ে। ট্রাফিক পুলিশ তাত্ক্ষণিক কিছু তত্পরতা দেখালেও স্থায়ী সমাধান নেই। পরিশেষে, যানজট নিরসনে আশু কার্যকর পদক্ষেপ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শ্রীধর দত্ত

মেলঘর, পটিয়া, চট্টগ্রাম