লালমোহনে শেখ রাসেলের জন্মদিন উদ্যাপন

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষ্যে থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সরকারি শাহবাজপুর কলেজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাত্রিতে জাতীর পিতা বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যদের সঙ্গে নিষ্পাপ শিশু রাসেলকেও ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধীকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। শহিদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ ও শুভ বুদ্ধি বোধসম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ওসি মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।