আগৈলঝাড়ায় চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

যাত্রীবেশী ছিনতাইকারীরা চালককে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে ইজিবাইক নিয়ে উধাও হয়েছে। গুরুতর আহতাবস্থায় আগৈলঝাড়া বাইপাস রোড থেকে পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

আহত ইজিবাইকের চালক শামীম সরদার জানান, ইচলাদী থেকে সানুহার যাবার জন্য ভাড়া করে যাত্রীবেশী ছিনতাইকারীরা। শামীম গন্তব্যে রওয়ানা হলে পথে একটি প্রাইভেটকার তার ইজিবাইকের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে। এ সময় ছিনতাইকারী চক্রের অপর সদস্যরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। শামীমকে বহনকারী ছিনতাইকারীদের প্রাইভেটকারটি আগৈলঝাড়া উপজেলার বাইপাস রোডে কান্দিরপাড় নামক স্থানে ছুরিকাঘাতে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার জানান, মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।