ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমিকের ওপর অভিমান করে শেফালী রানী (৪৫) নামের এক গৃহবধূ বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার নবগঠিত পত্তাশী ইউনিয়নের রামচন্দ পুর গ্রামের শংকর কুমার শীলের স্ত্রী। শেফালীর বড় মেয়ে কলেজ ছাত্রী শান্তি রানী বলেন, ‘শনিবার দুপুরে চালের পোকা মারার বিষাক্ত ওষুধ খেয়েছিলেন মা। এরপরে অসুস্থ হয়ে পড়লে তাকে বিকালে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার সকাল ৮টার দিকে তিনি মারা যান।’ স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের খোকা হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে শেফালীর বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল। শেফালী বিভিন্ন সময় কয়েকটি এনজিও থেকে দুলালকে ঋণ নিয়ে টাকা তুলে দিয়েছেন। গত কয়েক দিন ধরে শেফালীর সঙ্গে দুলালের ঋণের টাকা নিয়ে মনোমালিন্য চলছিল। দুলাল শেফালীকে ঋণের টাকা ফেরত না দিয়ে বেশ কয়েকবার বাজে ব্যবহার করেন। তাই দুলালের ওপর অভিমান করে শেফালী এমন মর্মান্তিক পদক্ষেপ নেন। তবে বিষাক্তদ্রব্য সেবনের পর শেফালী অসুস্থ হলে দুলালই তাকে হাসপাতালে নিয়ে যান। এবং সেখানে তিনি মারা যান।