সোনারগাঁওয়ে জি এম কাদের
ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় আছে। ক্ষমতায় থাকলে যেমন উন্নয়নের ফিরিস্তি দেওয়া যায়, তেমনি ব্যর্থতা ও খারাপ কাজের রেকর্ডও তৈরি হয়। ক্ষমতায় থাকাকালীন এরশাদ ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠন করেছিলেন। জাপার শাসনকালে ধর্ষণ ও নারী নির্যাতন ছিল না। গত শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আমিনপুর মাঠে উপজেলা ও পৌর জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় জাপা দলীয় সংসদ সদস্য, দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
সম্মেলনে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাপা উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করছে। সভাপতির বক্তব্যে লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁও এখন সারা দেশে উন্নয়নের রোল মডেল। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন —জাপার প্রেসিডিয়াম সদস্য লে জে (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, ভাইস-চেয়ারম্যান আরিফ হোসেন খান ও আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাপার শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, দলের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান টিটু ও আবু সাঈদ স্বপন প্রমুখ। সম্মেলন শেষে লিয়াকত হোসেন খোকা সোনারগাঁও পৌর ও উপজেলার নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সোনারগাঁও পৌর জাপার সভাপতি হিসেবে এম এ জামান ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সোনারগাঁও উপজেলা জাপার সভাপতি হয়েছেন আবদুর রব, সহসভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল।
আবু হোসেন বাবলা ডেঙ্গু আক্রান্ত
জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিত্সাধীন। তিনি প্রফেসর এ বি এম সারোয়ার আলমের তত্ত্বাবধানে আছেন। বাবলার সহধর্মিণী সালমা হোসেন তার আশু রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।