ব্যারিস্টার রফিক-উল হক মাইল্ড স্ট্রোকে আক্রান্ত

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক ‘মাইল্ড স্ট্রোকে’ আক্রান্ত হয়েছেন। এতে করে তার ডান হাত অবশ হয়ে গেছে। এ ছাড়া বার্ধক্যজনিত কারণে তার শারীরিক দুর্বলতা ও রক্তশূন্যতা রয়েছে। তিনি বর্তমানে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে চিকিত্সাধীন।

আদ্-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমীন গতকাল রবিবার সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার ব্যারিস্টার রফিক-উল হকের বাসা থেকে টেলিফোন করলে আদ্-দ্বীন হাসপাতালের এক জন ডাক্তার ও নার্স তার বাসায় যান। সেখানে গিয়ে ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজ তাকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য                 পরামর্শ দেন। পরে আদ্-দ্বীন হাসপাতালে নেওয়ার পর দেখা যায়, ব্যারিস্টার রফিক-উল হকের ডান হাত কিছুটা দুর্বল। পরীক্ষা করে দেখা যায়, তার মাইল্ড স্ট্রোক হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ব্যারিস্টার রফিক-উল হক ২০১১ সালে স্ত্রী ডা. ফরিদা হকের মৃত্যুর পর থেকে নিঃসঙ্গ হয়ে পড়েন। তার ব্যক্তিগত ড্রাইভারই তার দেখাশোনা করেন। পৌনে ৪ বছর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্যারিস্টার রফিক-উল হকের বাঁ-পায়ে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হয়। মাঝেমধ্যে পায়ে ব্যথা হয়। যে কারণে হুইলচেয়ারে চলাচল করতে হয়। পুরানা পল্টনের ছায়াশীতল, নিরিবিলি বাড়িতেই থাকতেন বেশির ভাগ সময়। নিতান্ত প্রয়োজন ছাড়া আদালতেও এখন আর তেমন তার যাওয়া হয় না।