ইত্তেফাক রিপোর্ট
কভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড় করাতে প্রণোদনার ঋণ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ঋণের বিপরীতে সুদ ভর্তুকিও রয়েছে। গ্রাহককে দেওয়া ঋণ সুদ আদায় সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবে ব্যাংকগুলো। এমন নির্দেশনা দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ব্যাংক ঋণ বা বিনিয়োগের ওপর নির্ধারিত সুদ বা মুনাফা আরোপ করবে। ঋণ বা বিনিয়োগ গ্রহীতার অংশ আদায় শেষে পরবর্তী মাসে বাংলাদেশ ব্যাংকের কাছে ভর্তুকি হিসেবে সুদ বা মুনাফা পেতে আবেদন করতে হবে। মাসের প্রথম ১২ কার্যদিবসের মধ্যে আবেদনটি করতে হবে।
জানা গেছে, এজন্য নির্ধারিত ছকে তথ্য দিতে হবে ব্যাংক ও গ্রাহকের। তথ্য যাচাই করেই ভর্তুকির সুদ বা মুনাফা ছাড় করবে ব্যাংক। জানা গেছে, দেড় লাখ কোটি টাকার প্রণোদনার ঋণ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এরমধ্যে কয়েকটিতে বাংলাদেশ ব্যাংক সরাসরি অর্থায়ন করবে। প্যাকেজ ঋণের কয়েকটির সুদহারের অর্ধেকই ভর্তুকি হিসেবে দিচ্ছে সরকার।
এজন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়নযোগ্য তহবিলও গঠন করেছে। গত এপ্রিল থেকে দেশের সব খাতের ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ করা হয়। এটিও কার্যকরও হয়েছে। শুধু ক্রেডিট কার্ড এই নীতি থেকে অব্যাহতি পেয়েছে।