খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে —মাহবুব উদ্দিন খোকন

বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝে ডাক্তার এসে রক্ত পরীক্ষা করাচ্ছেন। তিনি একা চলাফেরা করতে পারছেন না, নরম খাবার খাচ্ছেন। বিদেশে চিকিত্সার ব্যাপারে সরকার মানবিক হলে দল ও পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে। শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বেগম জিয়ার বিদেশে চিকিত্সা, বিদেশে যেতে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইনি পরামর্শ এবং এ সংক্রান্ত আবেদনের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছি। এর আগে গত ২৭ মে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মাহবুব উদ্দিন খোকন। এরপর ২৯ আগস্ট দ্বিতীয় দফায় দেখা করেন তিনি। গত ২৫ মার্চ করোনা ভাইরাস মহামারির মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির পর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আছেন তিনি।