আট দিনের ব্যবধানে বসছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান

মাত্র আট দিনের ব্যবধানে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান বসছে আজ সোমবার। ‘১সি’ নামের এই স্প্যান বসতে যাচ্ছে ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডের জেডিতে স্প্যানটি ‘তিয়ন ই’ জাহাজের ক্রেনের সঙ্গে বাঁধা হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এটি রওনা হবে প্রায় ৯০০ মিটার দূরের ৩ ও ৪ নম্বর খুঁটির কাছে। গত ১১ অক্টোবর স্থাপন করা স্প্যানটির পাশেই এটি বসানো হবে। তিনি জানান, স্প্যানটি সোমবারই খুঁটিতে উঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে নানা কারণে হাতে এক দিন রাখা হয়েছে, অর্থাত্ সোমবার সম্ভব না হলে মঙ্গলবারের মধ্যে এটি স্থাপন করা হবে। এ ছাড়াও চলতি মাসে আরো দুটি অর্থাত্ ২৫ অক্টোবর ৩৪তম এবং ৩০ অক্টোবর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম। নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।