স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, তদবির করে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে বসিয়েছেন। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে কোভিড-১৯ মহামারিতে সার্জনদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহাপরিচালকের বক্তব্যের আগে অনুষ্ঠানে অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আসাদুল ইসলামকে নিয়ে সমালোচনা হয় সেমিনারে। স্বাস্থ্যবিষয়ক সংসদীয় কমিটির সদস্য ডা. এম এ আজিজ এমপি তার বক্তব্যে বলেন, করোনার শুরুর দিকে কমিটির বৈঠকে করোনা প্রতিরোধে অনেক প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু তখনকার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সচিব সেসব আমলে নেননি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরে তার বক্তব্যে বলেন, ‘প্রশাসন চিকিত্সকদের জায়গা দখল করে নিচ্ছে, সে বিষয়ে আমাদেরই সজাগ থাকতে হবে, আমাদেরই সেটা প্রতিহত করতে হবে। আর একটি কথা বলতে চাই, আমি এই পদে ( মহাপরিচালক) কোনো রকমের তদবির করে আসি নাই। এই পদে প্রধানমন্ত্রী নিজে নির্বাচন করে আমাকে বসিয়েছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সেটাই করছি। আর সে কাজ করেই আমি আমার নির্দিষ্ট সময়ে চলে যাব।’ তিনি আরো বলেন, ‘করোনার সেকেন্ড ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা প্রকাশ করেছেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং বেশ কিছু পরিকল্পনা করেছি। আমাদের প্রস্তুতিও আছে। আশা করছি, ঐ সময়ে (আসন্ন শীত) যদি সত্যিই সেকেন্ড ওয়েভ আসে, তাহলে সুষ্ঠুভাবে মোকাবিলা করতে পারব।’