মেসেঞ্জার খুদে বার্তায় চবি শিক্ষককে হত্যার হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে মেসেঞ্জার ক্ষুদে বার্তায় হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে সাঈদ শাহজাদ নামের একটি আইডি থেকে তার ফেসবুক ইনবক্সে দুইটি অডিও রেকর্ড ও ক্ষুদে বার্তা আসে। যেখানে তাকে ব্রাশ ফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে কুশল বরণ চক্রবর্তী বলেন, শুক্রবার রাত ৯টা ৪৩ মিনিটে আমার ফেসবুক আইডিতে সাঈদ শাহজাদ নামের এক আইডি থেকে মেসেঞ্জার ইনবক্সে ক্ষুদে বার্তা ও পরে এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়। ঐ ক্ষুদে বার্তা ও অডিওতে ব্রাশ ফায়ার করে আমাকে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঐদিনই আমি ফেসবুকে  ‘৭১ টিভির পাশে আছি’ লোগো সংবলিত প্রোফাইল পিকচার আপলোড করি।

তিনি বলেন, আমি চাই এটি তদন্ত করে দোষীকে খুঁজে বের করা হোক। বিষয়টি পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।