নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দীঘলিয়ারটেক এলাকায় চাচা আক্তার হোসেন সরকারের বল্লমের আঘাতে নিহত হয়েছেন ভাতিজা ছানাউল্লাহ সরকার (৩৩)। পারিবারিক কলহের জের ধরে গত শনিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছানাউল্লাহ সরকারের পিতার নাম আব্দুস ছাত্তার সরকার।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার রাতে ছানাউল্লাহ সরকার ও তার চাচা আক্তার সরকারের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আক্তার হোসেন সরকার তার বসতঘর থেকে বল্লম নিয়ে ছানাউল্লাহ সরকারের বুকে আঘাত করে। তখন ছানাউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে চিত্কার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক ছানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছানাউল্লাহ সরকারের স্ত্রী মোসলেমা বেগম (২৮) ও তার ছেলে শাহেদ (৯) আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত ছানাউল্লাহর স্ত্রী মোছলেমা বেগম ছয় জনকে নামীয় ও দুই-তিন জনকে অজ্ঞাত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।