বিনোদন রিপোর্ট
প্রতিক্ষার পর অবশেষে গত ১৬ অক্টোবর সারাদেশে সিনেমা হল খোলার অনুমতি দেয় সরকার। যদিও নির্দিষ্ট দিনে দেশের অনেক হলই খোলার সিদ্ধান্ত নেয়নি। এখনো নিজ সিদ্ধান্তে অনেক মালিক বন্ধ রেখেছে সিনেমা হল। কারণ নতুন সিনেমা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা নির্মাণ। শুরু হওয়া কাজগুলো মাঝ পথে বন্ধ করার পর অনেকে এখনো শুটিংয়ে ফিরেনি। সিনেমার শুটিং প্রায় স্বাভাবিকের দিকে গেলেও এই সময় সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না প্রযোজকরা। তাই হল মালিকরাও পড়েছেন সংকটে। সিনেমা মুক্তি না থাকলে হল খুলে আবারো লোকসান গুনতে হবে তাদের। সেই বিবেচনায় নতুন সিনেমার অপেক্ষায় হল মালিকরা। যদিও প্রায় ২২টি সিনেমা রয়েছে হল মুক্তির তালিকায় কিন্তু মুক্তির বিষয়ে কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি। তাই হিরো আলমের সিনেমাকেই কিছু হল মালিক ভরসা হিসেবে নিয়েছেন। তবে তার সিনেমা দিয়ে হল খোলার পক্ষে ছিলেন না বেশিরভাগ হল মালিক। এমন সংকটের সময়ে আবারো ভরসার জায়গায় এলেন শাকিব খান। চলতি বছরে মুক্তি পাওয়া তার ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমা দুটি মুক্তি দেওয়া হবে আবারো। পুরনো সিনেমা হলেও এই সময়ে হল মালিকদের চাহিদা শাকিব খান। যেহেতু সিনেমা দুটি বেশ সাড়া ফেলেছে তাই নতুন করে আবারো এগুলো মুক্তি দেওয়া হচ্ছে। সিনেমা দুটির প্রযোজক মো. ইকবাল জানান, ‘বীর’ এবং ‘পাসওয়ার্ড’ নামের দুটি সিনেমা আবারো নতুন করে আগামী দুই শুক্রবার মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। প্রথমে বীর সিনেমাটি মুক্তি পাবে এবং পরের সপ্তাহে পাসওয়ার্ড মুক্তি পাবে।
উল্লেখ্য, করোনার কারণে প্রায় সাত মাস বন্ ছিলো সিনেমা হল। অবশেষে তা খোলার অনুমতি মিলেছে। সরকারের অনুমতিতে গত ১৬ অক্টোবর থেকে খুলেছে সিনেমা হল। শর্ত হলো স্বাস্থ্যবিধি মেনে হল চালাতে হবে। আসন সংখ্যাও হবে সীমিত।