প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় উপজেলার আজিজনগর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের সদস্য এম ডি রোকন উদ্দিনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সুমাইয়া তাছনিম নামক একটি ফেক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রচার করা হলে রোকন এই ছবি তার নিজস্ব ফেসবুক থেকে শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পরে আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই ঘটনায় প্রতিবাদ সমাবেশ করে আল্টিমেটাম দিলে লামা থানা পুলিশের এস আই মো. আশরাফুজ্জামান ইউপি সদস্যকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে সোমবার সন্ধ্যায় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দীন জানান, প্রধানমন্ত্রীকে ব্যাঙ্গ করে ছবি ফেসবুক আইডিতে প্রচার করার ঘটনাটি একান্তই ইউপি সদস্যের নিজস্ব ব্যাপার। তিনি এই বিষয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
লামা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এই বিষয়ে তদন্ত পূর্বক আদালতে রিপোর্ট দাখিল করা হবে।
ইত্তেফাক/এমআর