ইসরাইলের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল বাহরাইন

বিবিসি

চতুর্থ আরব দেশ হিসেবে বাহরাইন আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইনের রাজধানী মানামায় রবিবার এই চুক্তি সই হয়।

কয়েক দশক ধরে বেশির ভাগ আরব রাষ্ট্র ইসরাইলকে বয়কট করে আসছে। ফিলিস্তিনের সঙ্গে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো দেশই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে এমন প্রতিশ্রুতি ছিল। কিন্তু তা থেকে সরে এসেছে বাহরাইন। সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং জর্ডানের পর বাহরাইনই চতুর্থ দেশ হিসেবে ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর তাদের স্বীকৃতি দিল। ফিলিস্তিনিরা এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটা পিঠে ছুরি মারার শামিল। ঐদিন সন্ধ্যায় মানামায় একটি অনুষ্ঠানে বাহরাইনি ও ইসরাইলি কর্মকর্তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি যৌথ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এখন দুই দেশেই দূতাবাস খোলার কথা রয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ঐ নথিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে কিছুর উল্লেখ ছিল না। চুক্তি স্বাক্ষরের পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল-জায়ানি এক বক্তব্যে বলেন যে, তিনি দুই দেশের মধ্যে ‘প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা’ প্রত্যাশা করছেন। তিনি ফিলিস্তিনি সংঘাতের অবসানে দ্বি-রাষ্ট্রীয় সমাধানসহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানান।