ঝুঁকিপূর্ণ দোকানপাট উচ্ছেদ জরুরি

বন্দরনগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন স্টারশীপ ফ্যাক্টরির পাশে স্টারশীপ রোড সংলগ্ন খাল ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়ে জনসাধারণ। এই খালের আশেপাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভাবে গড়ে উঠেছে শতাধিক দোকান। ভূমিদস্যু ও স্থানীয় সন্ত্রাসীদের ছত্রছায়ায় খালের পাশে চায়ের দোকান, ইজি লোডের দোকান, মদ-গাঁজার দোকানসহ শতাধিক দোকান বসিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ঐ চক্র। ফুটপাত ও রাস্তা দখল করে খালপাড় সংলগ্ন নির্মিত ভাসমান দোকান, টঙ দোকান এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ জরুরি। এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বাধাগ্রস্ত করছে। দিন-রাত এসব দোকানে পার্শ্ববর্তী এলাকার বখাটে, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংসহ সন্ত্রাসী ও ছিনতাইকারীদের আড্ডা। অক্সিজেন ও বায়েজিদ বোস্তামী এলাকায় চক্রটি নানা অপকর্মের সঙ্গে জড়িত। জনস্বার্থে জরুরিভিত্তিতে খালের পাশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট উচ্ছেদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আমজাদ হোসেন

স্টারশীপ রোড, পাহাড়িকা আবাসিক,

বায়েজিদ, চট্টগ্রাম