বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় পোকার আক্রমণে অতিষ্ঠ সাধারণ মানুষ। সন্ধ্যা হলে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে পোকা। এই পোকা চোখে মুখে ঢুকে পড়ছে। হোটেলের মালিক কাউসার আলী জানান, পোকার অত্যাচারে হোটেল চালানোই কঠিন হয়ে পড়েছে। ভাত, তরকারি ও মিষ্টিতে পোকা পড়ে তা নষ্ট হয়ে যাচ্ছে। গৃহিণী আয়শা খাতুন জানান, পোকার অত্যাচারে বাড়ির লাইট বন্ধ রাখতে হচ্ছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান জানান, এখন বর্ষার পানি নামতে শুরু করেছে। এ সময় পোকার আবির্ভাব হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তিনি বৈদ্যুতিক বাল্বের আশপাশে ডিটারজেন্ট মিশ্রিত পানি রাখার পরামর্শ দেন।