ডিমলায় পারিবারিক কলহে আহত ব্যক্তির মৃত্যু

গ্রেফতার ২

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

ডিমলায় পারিবারিক কলহের জেরে আহত হোসেন মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডিমলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গত ১৩ অক্টোবর উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী মিনা বেগমের মধ্যে পারিবারিক বিবাদ হয়। এ সময় মিনার ভাই স্বপন ও মা ফুলমতি আনোয়ারের বাড়িতে এলে তাদের ঝগড়া বাধে। আনোয়ারের চাচা হোসেন মিয়া ঝগড়া থামাতে এগিয়ে এলে তাকে মিনাসহ তার ভাই ও মা মিলে মারধর করে। গুরুতর আহত হোসেন মিয়াকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মৃতের ভাতিজা আনোয়ার হোসেন বাদী হয়ে স্ত্রী মিনাসহ শ্যালক স্বপন ও শাশুড়ি ফুলমতিকে আসামি করে ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেন। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ জেলার মর্গে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।