আটঘরিয়া (পাবনা ) সংবাদদাতা
আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর মিয়াকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সোমবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্রের তথ্য থেকে জানা যায়, করোনা ভাইরাস চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি শনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইনে তাকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।