ইবির নির্মাণাধীন ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। 

নিহত ওই শ্রমিকের নাম মনিরুল ইসলাম (২৬)। তিনি কুষ্টিয়া জেলার হরিনারায়নপুর ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে।  

বিশ্ববিদ্যালয়ের  প্রকৌশল দপ্তর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পাঁচ তলায় কাজ করছিলেন মনিরুল ইসলাম। এ  সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়। 

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলীমুজ্জমান টুটুল বলেন, এমন দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা চেষ্টা করছি নিহত ওই শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা নিহতের পরিবারে নিকট লাশ হস্তান্তর করেছি। কোন মামলা হয়নি।

ইত্তেফাক/জেডএইচ