ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে বন বিভাগের জমি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জবরদখলকারীদের হামলায় বনপ্রহরী মোস্তফা ও আরমান আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার সন্ধ্যাকুড়া ফরেস্ট বিট এলাকায় এ ঘটনা ঘটে। নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, প্রায় এক মাস আগে সন্ধ্যাকুড়া গ্রামের মৃত বাধা গাজীর ছেলে গোলাম মোস্তফা বনের জমির ওপর ঘর নির্মাণ কাজ শুরু করে। বন বিভাগের পক্ষ থেকে তাকে নিষেধ করা হয়। খুঁটিগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু গোলাম মোস্তফা বনের জমিতে পুঁতে রাখা ঘরের খুঁটি সরিয়ে নেয়নি। সোমবার ভোর সাড়ে ৪টায় শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়ের নেতৃত্বে বন কর্মচারীরা খুঁটিগুলো গুঁড়িয়ে দেয়। পরে সকাল ৮টায় বনপ্রহরী মোস্তফা ও আরমান সন্ধ্যাকুড়া বিট অফিসে আসার সময় গোলাম মোস্তফা ও তার লোকজন তাদের মোটরসাইকেলসহ অপহরণ করে বাড়িতে নিয়ে যায়। তারা দুই বনপ্রহরীকে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে। তাদের কাছ থেকে টাকা-পয়সা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে অন্য বনপ্রহরীরা গিয়ে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেরপুরের সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।