অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ীর পৌনে ২ লাখ টাকা খোয়া

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক গরু ব্যবসায়ীর পৌনে দুই লাখ টাকা খোয়া গেছে। তিনি বর্তমানে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রাপ্ত সূত্রে প্রকাশ, রবিবার বিকালে উপজেলার ফতেপুর গ্রামের মল্লিক শেখের ছেলে গরু ব্যবসায়ী মহর আলী গরু কেনার জন্য মহেশপুর থেকে বাসযোগে চৌগাছা পশুহাটে যাচ্ছিল। পথিমধ্যে অজ্ঞান পার্টি তাকে অজ্ঞান করে তার কাছে থাকা ১ লাখ ৭৫ হাজার টাকার তহবিল কেটে নিয়ে চলে যায়। এরপর বাসটি চৌগাছার মহেশপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তাকে অজ্ঞান অবস্থায় দেখে স্থানীয়রা প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার ভাই বাবুর আলী শেখ সোমবার দুপুরে জানান, মহর আলীর জ্ঞান ফিরেছে এবং হাসপাতালেই আছে।