জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আজ

আহসান জোবায়ের, জবি সংবাদদাতা

আজ ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। ১৬১ বছরের পুরোনো এই বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয় হিসেবে ১৫ বছর পূর্তি উদ্যাপন করছে। ঊনবিংশ শতাব্দীতে ঢাকায় পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজের শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম স্কুল। সেই স্কুল থেকে দেড় শতকের রূপান্তরের ইতিহাস পেরিয়ে ২০০৫ সালে এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন।

২০০৫ সালে জাতীয় সংসদে গৃহীত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন’ বলে কলেজটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। পূর্বতন জগন্নাথ কলেজের শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গণ্য হয়। তাদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সনদ লাভ করে। এদিকে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামে ১৬ তলাবিশিষ্ট ১ হাজার আসনের একটি হল আজ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হবে, সাড়ে ৯টায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর ভার্চুয়াল প্ল্যাটফরমে আলোচনাসভা শেষে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।