কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

শেরেবাংলা নগর এলাকা থেকে কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো মো. সাগর ওরফে রোমান, মো. হাতেম আলী, মুক্তারুজ্জামান, মো. রাকিব সিকদার, মো. আলামিন হোসেন, মো. হূদয় ও মো. জীবন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরের ৬০ ফুট রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, দুটি ছুরি ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল র্যাব-২-এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই স্থানীয় কিশোর গ্যাং পারভেজ গ্রুপের সক্রিয় সদস্য। তারা ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত এবং তারা নিজেরাও নেশাজাতীয় দ্রব্য সেবন করে। পাশাপাশি গ্রুপ লিডার পারভেজের নেতৃত্বে শেরেবাংলা নগরের বিএনপি বস্তি, শিশুমেলা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, উত্ত্যক্তকরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।