বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের কমান্ডার পর্যায়ে বৈঠক

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের কমান্ডার পর্যায়ে চতুর্থ বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোস্ট গার্ডের উপ-পরিচালক কমডোর এম আনোয়ার হোসেন ও ভারতীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে কোস্ট গার্ড সদর দপ্তর ও কলকাতা কোস্ট গার্ড আঞ্চলিক সদর দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এ সময় দুই দেশের প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও আন্তর্জাতিক সীমানায় মানব পাচার, চোরাচালান মাদকদ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ বিষয়ের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।