আজ জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইত্তেফাক রিপোর্ট

আজ ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঐতিহাসিক ১৯৫৪ সালে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয় জাঁকজমকপূর্ণ আনন্দ-উচ্ছ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ উপলক্ষ্যে প্রায় মাসব্যাপী চলে আনন্দ-উত্সব, খেলাধুলা, গানবাজনা। এ উপলক্ষ্যে শুধু সাংবাদিকদের মিলনমেলারই সৃষ্টি হয় না, তাদের স্ত্রী-পুত্র পরিবারের সদস্যদের সঙ্গেও সবার পারিবারিক বন্ধন স্থাপিত হয়। এখানে যোগদান করেন দেশের বরেণ্য ব্যক্তিত্বগণ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী মহামারি করোনার কারণে এক ভিন্ন প্রেক্ষাপটে উদ্যাপিত হতে হচ্ছে নিতান্তই সাদামাটাভাবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রথমে ক্লাব প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এর পর ‘জাতীয় প্রেসক্লাবের ৬৬ বছর ও বাংলাদেশের সাংবাদিকতা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনার শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।