সম্প্রীতি বিনষ্টের সব চেষ্টা মোকাবিলা করা হবে -------মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর অফিস

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো চেষ্টা মোকাবিলা করা হবে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে না পারলে ৩০ লাখ শহিদের আত্মদান ব্যর্থ হবে। গতকাল সোমবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সহযোগিতায় মঠ মন্দিরের অনুদানের চেক এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সদর উপজেলার সব দুর্গা মণ্ডপের সভাপতি-সম্পাদকের মধ্যে প্রধানমন্ত্রীর শারদীয় উপহার ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিলের অর্থ প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দাস লিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিমল মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু।