খুলনায় পাটকল শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, আটক ১৫

খুলনায় রাজপথ অবরোধকালে পাটকল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় নগরীর আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন গেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ২ রাউন্ড শটগান ও ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশসহ ২০-২২ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জনকে আটক করেছে।

বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকীকরণ করে দ্রুত চালু, দুর্নীতি-ভুলনীতি-লুটপাট বন্ধ, শ্রমিকদের বকেয়া টাকা এককালীন পরিশোধ, ক্ষতিপূরণ প্রদানসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এই অবরোধ কর্মসূচির ডাক দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদা, সিপিবি নেতা এস এ রশিদ, মিজানুর রহমান বাবু, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, মো. আবুল হোসেন, মো. নওশের, শহীদুল, ওলিয়ার রহমান, রবিউল ইসলাম, আল আমিন শেখ ও জাহাঙ্গীর সরদারকে আটক করেছে।  আন্দোলনকারীদের দাবি, পুলিশের   হামলায় আহমেদ তাসনিম শ্যামল, নারী শ্রমিক নাজমা খাতুন, খাদিজা বেগম, হাফিজা বেগম, সুমি রায়, শেফালী বালা, সুচিত্রা বিশ্বাস, সাফিয়াসহ অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আহমেদ তাসনিম শ্যামলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে পুলিশের ৮-৯ জন সদস্য আহত হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ২ রাউন্ড শটগানের গুলি ও ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন বলেন, শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তত্পর হয়।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতা গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল বলেন, পুলিশ বিনা উসকানিতে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। শ্রমিকনেতাদের দীর্ঘ সময় ইস্টার্ন মিলগেটে আটকে রাখে। সেখানে সাধারণ শ্রমিকদের লাঠিপেটা করে। এ সময় ১০-১২ জন শ্রমিক গুরুতর আহত হন।