সাড়ে ১২ লাখ টাকা ভর্তি ব্যাগটি মুহূর্তেই উধাও

রংপুর মহানগরীর কাচারিবাজার এলাকায় আইনজীবী সমিতি ভবনের সোনালী ব্যাংক শাখার নিচ থেকে এক গ্রাহকের সাড়ে ১২ লাখ টাকা ভর্তি ব্যাগ উধাও হয়েছে। সুজাউল ইসলাম নামে ওই গ্রাহক জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে ব্যাংক থেকে সাড়ে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো একটি ব্যাগে ভরে হাতে করে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামেন। ভবনের নিচে টাকার ব্যাগটি তিনি তার মোটরসাইকেলের হাতলে রেখে মাথা নিচু করে গাড়ির তালা খুলতে থাকেন। কয়েক সেকেন্ডের মধ্যে তালা খুলে দেখেন টাকার ব্যাগটি উধাও হয়ে গেছে।

নগরীর একাধিক ব্যক্তি বলেন, এখানে অনেক মানুষের সমাগম ঘটে। এর মধ্যে থেকে কারো একার পক্ষে এভাবে টাকা নিয়ে উধাও হওয়া সম্ভব নয়। ছিনতাইকারীর এই দলে একাধিক সদস্য থাকতে পারে।

টাকার মালিক সুজাউল ইসলাম আরো জানান, মোটরসাইকেলের হাতলে ব্যাগটি রেখে, তালা খুলে মাথা তুলেই দেখি টাকার ব্যাগটি আর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর তিনি দিশেহারা হয়ে ঘটনাস্থলে বসে কান্নাকাটি করতে থাকেন। খবর পেয়ে তার স্ত্রীও সেখানে ছুটে আসেন। ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হয় ।

সুজাউল ইসলামের বাড়ি নগরীর কেরানীপাড়া এলাকায়। তিনি একজন ব্যবসায়ী। রংপুর মহানগরীর ব্যস্ততম কাচারিবাজার এলাকায়  টাকা খোয়া যাওয়া স্থানের সড়কের ওপারে ডিআইজি, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত। এ পাশে বার লাইব্রেরি ভবন, কোর্ট মসজিদ ও মৌবন ও পিয়াসি হোটেল। ফলে এলাকাটিতে সব সময় মানুষের সমাগম থাকে।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, ঘটনাস্থলের আশপাশের দোকানপাটের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া সোনালী ব্যাংকসহ রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।