সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী তিন পুলিশ সদস্য

নগরীর বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশি নির্যাতনে’ রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় আদালতে সাক্ষ্য দিয়েছেন তিন পুলিশ সদস্য। এই তিন জন ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেও তারা কী বলেছেন তা জানা যায়নি। সোমবার দুপুর ৩টা থেকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. জিহাদুর রহমানের আদালতে সাক্ষ্য দেন কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম।

গত ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান আহমদ (৩৪)। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন বিচারক। তবে তারা আদালতে কী বলেছেন সে বিষয়ে তথ্য দিতে অপারগতা জানিয়েছেন তিনি। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন রায়হানের স্ত্রী। রায়হান নিহতের ঘটনায় ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটুচন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়। গত ১৩ অক্টোবর থেকে প্রধান অভিযুক্ত এসআই আকবর পলাতক রয়েছেন।