রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মহাখালীর ডিওএইচএস এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের সপ্তমতলা থেকে নিচে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম নুর-আলম (২০)। গতকাল সোমবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর-আলমের বাবার নাম কাদের আলী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার সদর চেয়ারম্যান বাড়ি এলাকায়। বর্তমানে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
নুর-আলমের সহকর্মী সৈয়দ আলী জানান, গতকাল সকাল থেকে তারা মহাখালী কালাশাহ মাজারসংলগ্ন নির্মাণাধীন ১৪তলা ভবনে কাজ করছিল। দুপুরে ঐ ভবনের সাততলায় মেশিনের সাহায্যে ইট ওপরে তুলছিল শ্রমিক নুর-আলম। কর্মরত অবস্থায় নুর-আলম মেশিন থেকে ইট নামাতে গিয়ে হঠাত্ করে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।