নারীর প্রতি সহিংসতা নির্মূলে তরুণদের এগিয়ে আসার আহ্বান

নারীর প্রতি সহিংসতা নির্মূলে সামাজিক-রাজনৈতিক-প্রশাসনিক বাধা দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, নারীর প্রতি সহিংসতার জন্য দায়ী বিচারহীনতার সংস্কৃতি । এমতাবস্থায় যদি তরুণরা বিচারের দাবিতে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে তবে এই অসমতা দূর হবে। নারী আন্দোলনের সমর্থক তৈরি হবে এবং প্রত্যেকে তাদের অধিকারের বিষয়ে সচেতন হবে।

রবিবার সন্ধ্যায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও তরুণ সমাজের ভাবনা’-শীর্ষক অনলাইনে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা এই অনলাইন মতবিনিময় সভার আয়োজন করেন।

সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচলিত আইন বাস্তবায়ন করতে হলে প্রতিরোধ, প্রতিকার ও সামাজিক কাঠামোগত ধারণার পুনর্নির্মাণে কাজ করতে হবে। স্বাগত বক্তব্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে তরুণ সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব ,

মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান জিনাত আরা শিপা , সংগঠনের লিগ্যাল এইড এডভোকেসি ও লবি পরিচালক অ্যাড. মাকসুদা আক্তার লাইলী। আলোচনায় অংশগ্রহণ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী—মো. মাহবুবুল আলম খান, সৈয়দা রাতুল, গীতা বেদী হালদার, তামজিদ ইসলাম, নাইমুর মোর্শেদ নীরব, আব্দুল হালিম পিয়াস ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. সিফাত হোসোইন, রিফাত জামান রাফি, আনিকা রহমান লিসা, আহসান ইসলাম, মোহাম্মদ রাশেদ খান, এ্যানি ধর ।