রাজধানীর মতিঝিলের বিসিক ভবনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী হেমন্ত মেলা। ক্ষুদ্র উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এ মেলায় দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত হতে পারবেন। গত রবিবার মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান।
৬০ জন ক্ষুদ্র কুটির শিল্পোদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত এ মেলার স্টলগুলোতে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী স্থান পেয়েছে। তাছাড়া প্রদর্শনীতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য সামগ্রী প্রদর্শিত হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে। আগামী বৃহস্পতিবার মেলা শেষ হচ্ছে।